২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে ক্রিকেটার তোফায়েলের জামিন

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 02:33 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

বিয়ের প্রলোভন দেখিয়ে গুলশানের একটি হোটেলে এক তরুণীকে ধর্ষণের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির রোববার এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন বলেন, “আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত শুনানি অন্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।”

মামলার বিবরণে বলা হয়েছে, “গত বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভূক্তভোগী তরুণীর ফেইসবুকে পরিচয় হয়। এরপর থেকে ফেইসবুক মেসেঞ্জারে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী তাতে সায় দেননি। তখন আসামি বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়েন।

একপর্যায়ে গত ৩১ জানুয়ারি ঘুরে বেড়ানোর নাম করে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন আসামি। কিছুদিনে মধ্যে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে তোফায়েল পরে একাধিকবার ‘ধর্ষণ’ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ১ অগাস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তোফায়েল। এদিন বিচারিকক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি।