২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ঢাকায় নোয়াখালীর ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 06:52 PM

Updated : 24 Sep 2026, 06:52 PM

ঢাকার বাড্ডা ও ভাটারা এলাকা থেকে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ওই দুজন হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়ারপুরের হারুনুর রশিদের ছেলে মো. সাগর (৩১) এবং নোয়াখালীর সেনবাগ থানার আহম্মেদপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ইমন (২০)।

বাড্ডার সাতারকুল জিএম বাড়ি খালপাড় এলাকার ৯ নম্বর বাসার পঞ্চম তলায় পরিবারের সঙ্গে থাকতেন সাগর। বৃহস্পতিবার ভোরে বাসার জানালার সঙ্গে ‘গলায় ওড়না পেঁচানো অবস্থায়’ তাকে উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের বাড্ডা থানার এসআই মো. ইব্রাহিম খান বলেন, “সাগর দীর্ঘদিন ধরে বেকার, হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত ছিলেন। বুধবার রাত ৩টার দিকে জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান তার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ভোরে লাশ উদ্ধার করে।”

অপরদিকে ইমনকে ভাটারা থানার ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ভাটারা থানার এসআই হাসানুজ্জামান বলেন, “বুধবার রাত ১০টার দিকে ইমনের বাবা মোবাইল ফোনে কথা বলার জন্য বাইরে বের হন। এরপর ঘরের চালের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।”

ইমন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ‘মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন’ বলে এসআই হাসানুজ্জামান জানিয়েছেন।