২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদিবাসী তরুণদের পরিবর্তনের দূত হিসেবে ভূমিকা রাখতে হবে’

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তির জন্য যুবাদের প্রতি এ আহ্বান রাশেদ খান মেননের।

‘আদিবাসী তরুণদের পরিবর্তনের দূত হিসেবে ভূমিকা রাখতে হবে’

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে নারী প্রগতি সংঘের আলোচনায় রাশেদ খান মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 11:29 PM

Updated : 10 Aug 2023, 11:29 PM

আদিবাসী তরুণদের ‘পরিবর্তনের দূত’ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তির জন্য যুবাদের প্রতি এ আহ্বান জানান তিনি।

মেনন বলেন, “সারা বিশ্বে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তির জন্য যুবকরা বিভিন্ন জায়গাতে আন্দোলন সংগ্রাম করছে, তরুণদেরও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রজনন স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসতে হবে।”

একটি গবেষণার সূত্র ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূল থেকে প্রায় তিন কোটি মানুষ ভবিষ্যতে বাস্তুচ্যুত হবে।

“এই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ এবং বিশ্বকে বাঁচতে একমাত্র তরুণরাই। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সকল আন্দোলনে যুবকরাই নেতৃত্ব দিয়েছে।”

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। এতে সভাপতিত্ব করেন বিএনপিএস’র পরিচালক শাহনাজ বেগম সুমি।

আলোচনায় মটস্ কারিতাস পরিচালক জেমস গোমেজ বলেন, এ বিশ্বে যুবকদের সংখ্যা বেশি, এজন্যই এবারের প্রতিপাদ্যে যুবকরা প্রাধান্য পেয়েছে। যুবকদের কারিগরিশিক্ষার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

বিএনপিএসের ‘আামাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের প্রকল্প’ ব্যবস্থাপক সঞ্জয় মজুমদারের সঞ্চালনায় এ সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের  সহ- সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, হিল উইমেন ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির সদস্য সুরতী সিং বক্তব্য রাখেন।  ধারণাপত্র উপস্থাপন করেন আদিবাসী ইয়ুথ নাই স্যু প্রু।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সিমাভি নেদারল্যান্ডসের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘আওয়ার লাইভস, আওয়ার হেলথ, আওয়ার ফিউচারস: এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস এন্ড ইয়াং উইমেন ইন চিটাগাং হিলট্রাক্টস টু লিভ উইথ ডিগনিটি এন্ড উইদাউট ভায়োলেন্স’ প্রকল্পের আওতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম ও আদিবাসী যুব কাউন্সিল যৌথভাবে কাজ করছে।