২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত হল আরও ৯১ শিক্ষা প্রতিষ্ঠান

চলতি বছরের জানুয়ারিতে ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 11:07 PM

Updated : 17 Oct 2023, 11:07 PM

নতুন করে আরও ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার।

এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে- উচ্চ মাধ্যমিক কলেজ ২৩টি, মাধ্যমিক স্কুল ১৫টি, ডিগ্রি কলেজ ৭টি, উচ্চ মাধ্যমিক স্কুল ১১টি এবং নিম্ন মাধ্যমিক স্কুল ৩৫টি।

মঙ্গলবার এসব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে পাঁচটি পৃথক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আদেশের শর্তে বলা হয়, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীদের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়োগকালীন বিধি-বিধান ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী প্রযোজ্য হবে।

নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরাও এমপিওভুক্তির সুযোগ পাবেন। কিন্তু পরে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ লাগবে।

এছাড়াও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে, তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।  

যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, সেগুলোর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের জানুয়ারিতে ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এর আগে গত বছরের জুলাইয়ে ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। আর ২০১৯ সালের অক্টোবরে ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল সরকার।