২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টা মামলা: ঢাকা জেলা আওয়ামী লীগ নেতার ভাই কারাগারে

ছাত্র-জনতার গণআন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে নবাবগঞ্জ থানায় করা মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 06:12 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

গণআন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের ভাই কামরুজ্জামান অরুণকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার শুনানি নিয়ে ঢাকার জেষ্ঠ্য বিচারিক হাকিম ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার পরিদর্শক মমিনুল ইসলাম এদিন কামরুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক ওই আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকার নবাবগঞ্জ থানার কোমরগঞ্জ বাজার থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন কামরুজ্জামান।

তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলায় অভিযোগ, ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে গত ৩০ জুলাই সকালে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে উপস্থিত হন এস এম আরিফুল ইসলামসহ অনেকে। সেসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে আরিফুলসহ অনেকে আহত হন।

সরকার পতনের পর ওই ঘটনায় গত ২১ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৩৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন আরিফ। ওই মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।