২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় হাতেনাতে আটক যুবক

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, “এক বড় ভাই তাকে এক হাজার টাকা দিয়ে বাসে আগুন দেওয়ার জন্য ওই জায়গায় পাঠায় বলে সে স্বীকার করেছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 08:38 PM

Updated : 22 Nov 2023, 09:21 PM

রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় এক যুবককে হাতেনাতে ধরেছেন ট্রাফিক সার্জেন্ট। 

বুধবার দুপুরে মো. মামুন (২৮) নামের ওই যুবককে মোহাম্মদপুরের আসাদ এভিনিউ থেকে ধরা হয়।

পুলিশ বলছে, মামুন টাকার বিনিময়ে বাসে আগুন লাগাতে ওই জায়গায় গিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ডিউটি শেষ করে ফেরার পথে দৌঁড়ে পলায়নরত মামুনকে আটক করেন।

পরে মামুনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মামুন সেন্ট যোসেফ স্কুলের সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

“মামুন যাত্রীবেশে বাসের পেছনের সিটে আগুন দেওয়ার পরপরই বের হয়ে পালিয়ে যাচ্ছিল। সে সময় হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন।

“বাসে আগুন লাগানোর পর যাত্রী এবং আশপাশের লোকজন তা তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলেন, ফলে ছড়াতে পারেনি। তবে পেছনের সিট ক্ষতিগ্রস্ত হয়েছে।”

মামুন নিজেকে রিকশাচালক হিসেবে দাবি করেছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা।

তিনি বলেন, “এক বড় ভাই তাকে এক হাজার টাকা দিয়ে বাসে আগুন দেওয়ার জন্য ওই জায়গায় পাঠায় বলে সে স্বীকার করেছে।”

কথিত ওই ‘বড় ভাইয়ের’ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি।