২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্ত ও সহিংসতায় হতাহতদের জন্য বেতনের অংশ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য এবং মাসিক মূল বেতনের আড়াই শতাংশ আহতদের জন্য দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বন্যার্ত ও সহিংসতায় হতাহতদের জন্য বেতনের অংশ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 09:28 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

বন্যার্তদের সহায়তায় একদিনের মূলবেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, “বিদ্যমান বন্যা পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকায় সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ মিশনসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীর এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”

দেশের পূর্বাঞ্চলের বন্যা উপদ্রুত বিস্তৃর্ণ অঞ্চলের মানুষের জন্য সর্বস্তরের মানুষের কাছ থেকে সহায়তা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের ব্যাংক হিসাব খোলা হয়েছে।

২৩ অগাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নির্দিষ্ট ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।

অর্থ সহায়তা পাঠাতে হবে এভাবে: হিসাবের নাম- প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর- ০১০৭৩৩৩০০৪০৯৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণের কাজে ব্যয় করা হয়। পাঠানো অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা দিতে চান, প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তা গ্রহণ করবেন। 

সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সহায়তা গ্রহণ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে খুব শিগগির এ অর্থ জমা করা হবে। দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে।

এদিকে বন্যার ঠিক আগে কোটা সংস্কার এবং সরকার পতন আন্দোলনের সময় কয়েকশ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন অনেকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কোটা সংস্কার থেকে সরকার পতন আন্দোলনে সহিংসতায় হতাহতদের সহযোগিতায় মাসিক মূল বেতনের আড়াই শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরোনো খবর

বন্যার্তদের সহায়তা: যেভাবে টাকা পাঠাবেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহ