২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রামপুরায় গুলিতে যুবক আহত

পুলিশ বলছে, ‘চাঁদাবাজি’ করতে গেলে ‘প্রতিদ্বন্দ্বী’ অপর এক গ্রুপের ছোড়া গুলিতে আহত হন মো. আল আমিন নামের ওই যুবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 09:57 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

ঢাকার রামপুরায় এক যুবক গুলিতে আহত হয়েছেন, যিনি থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বলে দাবি করেছে তার পরিবার।

তবে পুলিশ বলছে, ‘চাঁদাবাজি’ করতে গেলে ‘প্রতিদ্বন্দ্বী’ অপর এক গ্রুপের ছোড়া গুলিতে আহত হন মো. আল আমিন নামের ওই যুবক। 

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রামপুরা কমিশনার অফিসের সামনে ওই ‍গুলির ঘটনায় আহত ৩৫ বছর বয়সী আল আমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রামপুরা বিটিভি ভবনের পেছনের একটি বাসায় আল আমিন থাকেন, তার বাবার নাম নুরুল হক।

তার ভাই মো. রায়হান বলেন, “আল আমিন রামপুরা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক। কমিশনার অফিসের সামনে সন্ত্রাসী শাহাজাদা গ্রুপের কয়েকজনকে দেখতে পেয়ে প্রথমে পুলিশকে খবর দেওয়া হয়। পরে আল আমিনসহ কয়েকজন মিলে শাহাজাদা গ্রুপের লোকজনদের ধরতে গেলে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় আল আমিন ডান কাঁধে গুলিবিদ্ধ হয়।”

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, “আল আমিন স্বেচ্ছাসেবক দলের কোন নেতা নয়, সে চাঁদাবাজ। ‘পিচ্চি আল আমিন’ গ্রুপের আল আমিন আজ বিকেলে ওই এলাকায় চাঁদাবাজি করতে গেলে ‘মুল্লা সাকিব’ নামে আরেকটি গ্রুপের সদস্যরা গুলি করে, তখন সে আহত হয়।”

আহত আল আমিনের নামে গুলশান ও হাতিরঝিল থানায় দুটি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, “শুনেছি সেসব মামলায় সে জামিনে রয়েছে। এই গুলির ঘটনায় তার পক্ষ থেকে মামলা করতে চাইলে আমরা মামলা নেব। ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ শুরু করেছি।”