পান্থপথে ভ্যানচালককে ছুরি মেরে হত্যা
পুলিশ জানিয়েছে, রাতে ভ্যান নিয়ে কাওরান বাজারের পান্থপথের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা ফারুককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
ঢাকার পান্থপথে ‘পূর্ব শত্রুতার’ জেরে এক ভ্যানচালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান।
নিহতের স্ত্রী ফিরোজা বেগম সাংবাদিকদের বলেন, তার স্বামী মো. ফারুক হোসেন পেশায় একজন ভ্যানচালক; তারা কারওরান বাজার রেলওয়ে বস্তি এলাকায় থাকেন।
তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম বলেন, “রাতে ভ্যান নিয়ে কাওরান বাজারের পান্থপথের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা ফারুককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।“
গুরুতর আহত অবস্থায় ফারুককে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
কাদের সাথে কী নিয়ে ফারুকের বিরোধ ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। তবে খুনীদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন পরিদর্শক শাহ আলম।
