২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তাররা বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 06:34 PM

Updated : 16 Oct 2023, 06:33 PM

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

তারা হলেন- বাবু শেখ, দেলোয়ার হোসেন, মামুন ও রুহুল আমিন।

রোববার  রাতে দোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এই বিষয়ে সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে দুটি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের গুলি উদ্ধার করে।

“একটি সংঘবদ্ধ অস্ত্রধারী গ্রুপ বেশকিছু অস্ত্র-গুলিসহ প্রাইভেটকারযোগে মুন্সীগঞ্জ থেকে ঢাকার দিকে আসছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টায় আগ্নেয়াস্ত্র বহনকারী প্রাইভেটকারটি আসলে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হলে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

“তাদের দেহ তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও শর্টগানের ১৩টি কার্তুজ উদ্ধার করা হয়।”

তিনি বলেন, তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।