২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বৈঠক চলার সময় ওই কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দলের সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 05:40 PM

Updated : 11 Jul 2023, 05:41 PM

বাংলাদেশে প্রাক নির্বাচনী অনুসন্ধানে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বৈঠক করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিনের সঙ্গে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন সফরকারী প্রতিনিধি দলের চার সদস্য।

এই বৈঠক চলার সময় ওই কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা। তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে দুই প্রধান রাজনৈতিক শিবিরে মতপার্থক্যের মধ্যে প্রাক নির্বাচনী অনুসন্ধানে এসেছে ইইউ প্রতিনিধি দল।

মানবধিকার কমিশন, নির্বাচন কমিশন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যায় তারা।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বিভিন্ন আইন নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।”

বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো ভেতরে ছিলাম; এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনারা তো দেখেছেন।”

বৈঠক শুরু হওয়ার পরপরই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। ইইউ প্রতিনিধি দল বের হওয়ার সময়ও তাদের বিক্ষোভ চলছিল।

Image

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠকের সময় বিক্ষোভ করছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা। 

বিক্ষোভকারীরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পাশাপাশি সরকারবিরোধী স্লোগানও দেন।

বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা এ এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল বিক্ষোভে নেতৃত্ব দেন।