২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান টিআইবির

ড. ইফতেখারুজ্জামান বলেন, আগের সরকারের ক্ষমতা কাঠামোর অন্যতম ভিত্তি ও সুবিধাভোগী ছিল দেশি-বিদেশি লবি। তাদের হাতে নীতিকাঠামো জিম্মি ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 07:45 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

জীবাশ্ম জ্বালানি লবির প্রভাবমুক্ত হয়ে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষ্যে রোববার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে এ দাবি জানায় সংস্থাটি। 

এ সময় জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যমান মহাপরিকল্পনা দ্রুত বাতিলের দাবি জানায় টিআইবি।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আগের সরকারের ক্ষমতা কাঠামোর অন্যতম ভিত্তি ও সুবিধাভোগী ছিল দেশি-বিদেশি লবি। তাদের হাতে নীতিকাঠামো জিম্মি ছিল। 

“ফলে জ্বালানি মহাপরিকল্পনায় তাদের স্বার্থের দ্বন্দ্বের কারণে জীবাশ্ম জ্বালানি নির্ভরতাকে উদ্দেশ্যমূলকভাবে জিইয়ে রাখা হয়েছে। তেমনি নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের সম্ভাবনাকে পদদলিত করা হয়েছে। নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর দেশ গঠন করতে হলে জীবাশ্ম জ্বালানির সমর্থকগোষ্ঠীর প্রভাব থেকে নীতিকাঠামোকে মুক্ত করতে হবে।”

“অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান, অবিলম্বে স্বার্থের দ্বন্দ্বমুক্ত বিশেষজ্ঞ ও অংশীজন সম্পৃক্ত করে ২০৫০ সালের মধ্যে পর্যায়ক্রমে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনা এবং তার বাস্তবায়নের সময়াবদ্ধ পথরেখা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করুন।”

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রথমবারের মত দিবসটি উদযাপন করেছে টিআইবি। 

নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে ‘ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি-২০২৩)’, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, জ্বালানি মিশ্রণে নবানয়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি, জ্বালানি খাতে নীতি করায়ত্ত বন্ধসহ কিছু সুপারিশ করেছে টিআইবি।