আদালত অবমাননা: বিএনপিপন্থি ৬ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির সাত শীর্ষ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মিছিল-সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপিপন্থি ছয় আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতে আগামী ২৫ জুলাই পরবর্তী দিন রেখেছেন বিচারক।
এই ছয় আইনজীবী হলেন– জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
এই তালিকায় ছিলেন সাতজন। সম্প্রতি জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যু হওয়ায় তার নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।
এদিন বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
পরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়া অ্যাডভোকেট কায়সার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপশি আগামী ২৫ জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেছেন।”
গত বছরের ২৯ অগাস্ট আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির সাত শীর্ষ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।
আইনজীবী নাজমুল হুদার পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি; বুধবার তিনিই এ আবেদনের পক্ষে শুনানি করেন।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ‘ হিসেবে বর্ণনা করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুইজন বিচারকের বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওই দুইজন বিচারককে বিচারকাজ থেকে বিরত রাখতে কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি সমর্থক সংগঠনটি। এ নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশও হয়েছে।
পুরনো খবর
