১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাই কোর্টের আদেশ স্থগিত, বায়রার নির্বাচন হতে বাধা নেই

আগামী ১৪ সেপ্টেম্বর বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 04:53 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-বায়রার কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। 

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

বায়রার কার্যনির্বাহী কমিটির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল ও

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। 

পরে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, “গত ২৮ অগাস্ট হাই কোর্ট বায়রার নির্বাচন স্থগিত করেছিল ৬ মাসের জন্য। আজ ওই আদেশ চ্যালেঞ্জ করে বায়রা কর্তৃপক্ষ আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ হাই কোর্টের ২৮ অগাস্টের আদেশ স্থগিত করেছে। 

“হাই কোর্টের আদেশ স্থগিত হওয়ার কারণে বায়রার ২০২৪-২০২৬ সালের নির্বাচনে আর কোনো বাধা নেই।”

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।