১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে জোর পুলিশের

পুলিশ সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 06:43 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

হেলমেট না পরলে মোটরসাইকেল চালকদের জ্বালানি না দেওয়ার নির্দেশনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিয়েছেন, তা বাস্তবায়নের নির্দেশ এসেছে পুলিশের তরফ থেকেও।

পুলিশ সদরদপ্তরে বৃহস্পতিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম ওই নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেন।

পুলিশ সদরদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক দুর্ঘটনার মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথাও বলেন অতিরিক্ত আইজিপি।

মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা যে বাধ্যতামূলক, সে কথা মনে করিয়ে দিয়ে বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, “ঢাকার সড়কে বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করা গেলেও নিয়মটি ঢাকার বাইরে এখনো উপেক্ষিতই রয়ে গেছে।

“এখন থেকে সারা দেশে বাইক আরোহীদের জন্য এই নিয়ম কার্যকর করা হবে। নিয়ম না মানলে কোনো জ্বালানি স্টেশন থেকে তাদের জ্বালানি দেওয়া হবে না।”

সড়কমন্ত্রীর এই নির্দেশনার পরদিন বিষয়টি নিয়ে তৎপর হওয়ার কথা জানাল পুলিশও।

পুলিশ সদরদপ্তরের সভায় ডিআইজি অপারেশন্স মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন সকল মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার।