আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির ১৪ জন ফিরেছেন
পৃথক দুটি ফ্লাইটে তারা দেশে আসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। ক্ষমা পাওয়াদের মধ্যে ১৪ জন শনিবার রাতে দেশে ফিরেছেন।
পৃথক দুটি ফ্লাইটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাদের মধ্যে দুইজন ঢাকায় নামেন। বাকিরা আকাশপথেই চট্টগ্রাম গেছেন।
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় দুইজনকে তারা গ্রহণ করেন। বাকি ১২ জন চট্রগ্রামের উদ্দেশ্যে গিয়েছেন।
চট্টগ্রামের ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কেইস ম্যানেজমেন্ট অফিসার মাহমুদুল হাসান বলেন, প্রবাসীদের দুইজন সাতটা ৫০ এর ফ্লাইটে এবং বাকিরা সাড়ে ৮টার দিকে চট্টগ্রামে নেমেছেন। সরকারের প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক থেকে সব ধরনের সহযোগীতা করা হয়েছে। যাদের প্রয়োজন ছিল তাদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে শনিবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের দেশে ফিরে আসার তথ্য দেওয়া হয়।
বার্তায় বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় দেশে ফিরবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে ৫৭ জনের শাস্তি মওকুফের বিষয়টি অবহিত করেন। আরব আমিরাতভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস বিফ্রিংয়ে বলেন, গত ২৮ অগাস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশজুড়ে ছিল ৫৭ জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন।
গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা।
২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দুদিন পর দাঙ্গা, যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদহানীর মত অভিযোগে তাদের তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত। এরপর বাংলাদেশিদের জন্য ভিসাসুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেশটি।
পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত ১১ অগাস্ট বলেছিলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
পরের দিন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মিশনপ্রধান মুহাম্মদ মিযানুর রহমান বলেন, দণ্ডিত ৫৭ জনকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার।
এরই ধারাবাহিকতায় সেই বাংলাদেশিদের পরিবারের জন্য সুখবর আসে গত মঙ্গলবার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “সংযুক্ত আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করে দিয়েছেন। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।”
