সরকারি হাসপাতালের নির্মাণাধীন ভবনে লার্ভা, প্রকৌশলীর জরিমানা
সোমবার ২৭৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় একজন প্রকৌশলীকে জরিমানা করা হয়েছে।
সোমবার সিটি করপোরেশনের এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি এ কথা জানান।
তিনি বলেন, “ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় এর সাইট ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”
এছাড়াও এই নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া ও তোপখানা রোডের আরও ৪১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন।
আদালত এ সময় আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় মামলা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিন খিলগাঁও, কদমতলা, সবুজবাগ, বাসাবো, পাঁচ ভাই ঘাট লেন, ধোলাইখাল, পূর্বপাড়া, রাজামালী, ডেমরা, শেখদি ও দনিয়া এলাকায় আরও ৫টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
সবমিলিয়ে সোমবার মোট ২৭৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
