২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে সংসদীয় কমিটির ‘তাগাদা’

“মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ডিজাইন যথাযথভাবে করা হয়নি। যেখানে বয়স্কদের দ্বিতীয় ফ্লোরে ওঠা কষ্টকর, সেখানে তাদের জন্য টপ ফ্লোরে রাখা একেবারেই অনুপযুক্ত।”

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে সংসদীয় কমিটির ‘তাগাদা’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি মনে করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ডিজাইন যথাযথভাবে করা হয়নি। মুক্তিযোদ্ধাদের জন্য টপ ফ্লোরে রাখা একেবারেই অনুপযুক্ত। তাই তারা ভবনগুলোতে ক্যাপসুল লিফট চায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 10:45 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাগাদা দিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়। 

কমিটির আগের বৈঠকেই ক্যাপসুল লিফট স্থাপনের বিষয় নিয়ে সুপারিশ করা হয়। ওই বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ডিজাইন যথাযথভাবে করা হয়নি। যেখানে বয়স্কদের দ্বিতীয় ফ্লোরে ওঠা কষ্টকর, সেখানে তাদের জন্য টপ ফ্লোরে রাখা একেবারেই অনুপযুক্ত।”

পরে তিনি ভবনে একটি করে ক্যাপসুল লিফট স্থাপনের কথা বলেন।

বুধবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়। এতে বলা হয়- মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে প্রকল্প ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হলে সেটার ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়।

ওই প্রকল্পটি একাধিক পর্যায়ে ধারাবাহিকভাবে পর পর বাস্তবায়নের সুপারিশ আসে। এতে বর্তমানে চালু ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত কমপ্লেক্সগুলোতে লিফট স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে প্রথম পর্যায়ের প্রকল্প গ্রহণ করার কথা বলা হয়।

প্রথম পর্যায়ে প্রকল্পের সফলতার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে প্রকল্প নেওয়া যেতে পারে বলে সুপারিশ করা হয়।

এরপর সভা হয় গত ৬ মে। এতে লিফট নির্মাণের ব্যয় প্রাক্কলন যৌক্তিকভাবে নির্ধারণ করে ডিপিপি পুনর্গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত কমিটির সদস্য মাহফুজা সুলতানা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনে সুপারিশ গত বৈঠকেও করা হয়েছিল। আজকে বৈঠকে বিষয়টি নিয়ে পুনরায় তাগিদ দেয়া হয়েছে যাতে দ্রুততার সঙ্গে এই সুপারিশটি বাস্তবায়ন করা হয়।”

রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গোলাম দস্তগীর গাজী, আব্দুল লতিফ সিদ্দিকী ও মাহফুজা সুলতানা অংশ নেন।