রুমমেটকে হত্যার পর ৭ টুকরা: ‘মারার চিন্তা ছিল না’, আদালতকে বললেন শাহীন
এ ঘটনার পর ‘আত্মসমর্পণ করার চিন্তা ছিল’ বলে আদালতকে জানিয়েছেন শাহীন।
রুমমেট মোহাম্মদ ওবায়দুল্লাহর চলাফেরা, আচর-আচরণ খারাপ লাগলেও তাকে ‘মারার চিন্তা ছিল না’ বলে আদালতকে জানিয়েছে শাহীন আলম।
সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন ওবায়দুল্লাহ হত্যা মামলার এই আসামি।
রাজধানীর কয়েক জায়গা থেকে ওবায়দুল্লাহর শরীরের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধারের পর শাহীনকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে শাহীন হত্যার কথা 'স্বীকার করে'।
ওবায়দুল্লাহর বাবা হামিদ মিয়া রোববার মতিঝিল থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, “শাহীন আলম ২৭ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৩ মিনিট থেকে ১টা ৫২ মিনিটের মাঝে কোনো এক সময়ে ওবায়দুল্লাহকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এবং মৃতদেহের বিভিন্ন অংশ কেটে বিচ্ছিন্ন করে, লাশ গুম করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে গিয়ে ফেলে আসে।”
মামলার পর শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মো. শাহরিন হোসেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন।
তিনি বলেন, "এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। আসামি এবং ভিকটিম রুমমেট। আসামি হোটেলে কাজ করত আর ভিকটিম একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরি করত। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। গত ২৭ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে ভিকটিম ওয়াশরুমে কাপড় ধুচ্ছিলেন। এসময় দরজা খোলা ছিল। আসামি আগেই হোটেল থেকে রুমে চাপাতি এনে বাসায় রাখে। কাপড় ধোয়ার সময় সেই ধারালো চাপাতি দিয়ে ওবায়দুল্লাহকে ঘাড়ে কোপ দেয়। তার দেহকে সাত টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে।"
তদন্ত কর্মকর্তা বলেন,"ভিকটিমের মাথার অংশ মাতুয়াইল থেকে, পেটের একটা অংশ তুরাগ থেকে উদ্ধার করা হয়। পেটের আরেক অংশ এবং পুরুষাঙ্গ উদ্ধার করা যায়নি। এজন্য তার সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।"
রাষ্ট্রপক্ষে মাকসুদুর রহমান এবং কাওছার আহম্মেদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
শাহীন আলমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামির কিছু বলার আছে কী না জানতে চান বিচারক। এ সময় নিশ্চুপ ছিলেন শাহিন।
বিচারক জানতে চান, ‘মারছেন কেন’?
তখনো নিশ্চুপ ছিলেন শাহিন। মারার কারণ কী জানতে চাইলে কিছু বলেনি শাহিন।
‘কোনো কিছু বলার নাই?’ বিচারকের এমন প্রশ্নে মাথা নেড়ে সম্মতি প্রকাশ করেন শাহিন।
দিনি বলেন, ‘হত্যার পরিকল্পনা ছিল না’।
কিভাবে হত্যাকাণ্ড হল বিচারকের প্রশ্নে শাহীন বলেন, "আমার কাছে সবই সাধারল মনে হচ্ছিলো। তার চলাফেরা, আচর-আচরণ আমার খারাপ লাগত। লেনা-দেনা ছিল। সব বাদ দিয়েছি। তার আচর-আচরণ খারাপ ছিল। কিন্তু মারবো এমন চিন্তা ছিল না।"
কিভাবে লাশের টুকরোগুলো ফেললেন বিচারক জানতে চাইলে শাহীন বলেন, "প্রথমে সাইকেলে করে, পরে হেঁটে হেঁটে।"
এ ঘটনার পর ‘আত্মসমর্পণ করার চিন্তা ছিল’ বলে আদালতকে জানিয়েছেন শাহীন।
ঢাকায় কতদিন জানতে চাইলে শাহীন বলেন, ‘সাড়ে চার মাস’।
বিচারক জানতে চান এলাকায় মামলা আছে কী না? শাহিন বলেন, ‘না’।
এসময় বিচারক বলেন,"ওই (হবিগঞ্জ) এলাকার মানুষ সুবিধার না।"
পরে আদালত শাহীনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয়।
এরপর বিচারক তদন্ত কর্মকর্তাকে বলেন,"বিষয়টি ক্রস চেক করবেন। ঘটনা কীভাবে ঘটলো, আর কেউ জড়িত ছিল কী না। একজন একা এভাবে হত্যা করা সম্ভব, অবিশ্বাস করার কিছু নাই। ক্রসচেক করার জন্য রিমান্ড। রিমান্ড দেওয়া সঠিক তদন্তের জন্য।"
