২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ: স্ত্রীসহ দুদকের মামলায় আসামি সাবেক কর কর্মকর্তা রঞ্জিৎ

গত ১৬ মার্চ আদালতের নির্দেশে এই দম্পতির ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

অবৈধ সম্পদ অর্জিনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য ও কর কমিশনার রঞ্জিৎ কুমার তালুকদার এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম মামলা দুটি দায়ের করেছেন।

একটি মামলায় রঞ্জিৎ কুমারের বিরুদ্ধে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ২ কোটি ২৪ লাখ ৮৪ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার াভিযোগ করা হয়েছে। 

অন্যদিকে, তার স্ত্রী ঝুমুর মজুমদার স্বামীর সহায়তায় ৯ কোটি ১৬ লাখ টাকার উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে আরেক মামলায়। 

এই মামলায় রঞ্জিৎ কুমারও আসামি। 

মামলাগুলো করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায়।

গত বছরের ১৬ অক্টোবর রঞ্জিৎ কুমারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১৬ মার্চ আদালতের নির্দেশে তাদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

রঞ্জিৎ কুমার ১৯৯৫ সালে কর কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে (কর ক্যাডার) যোগ দেন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে অবসর নেন।