১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘ব্লকেড’ উঠিয়ে রাস্তার পাশে অবস্থান কর্মসূচি চালানোর নির্দেশনা দিয়েছে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুসারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘিরে দফায় দফায় হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার বিকাল ৫টার পরই তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবরোধ করেন। সড়কে তারা বাঁশ ফেলে দেন। হাতে হাত ধরে দাঁড়িয়ে যান।

‘গোপালগঞ্জে হামলা কেন , প্রশাসন জবাব দে’- এমন স্লোগান দেন অবরোধকারীরা। অবরোধের ফলে শাহবাগ এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

দেশের সব জেলায় এনসিপির পদযাত্রা ও সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরে যান দলটির নেতাকর্মীরা। তবে সকালে নেতাকর্মীদের শহরে প্রবেশের সময়ই পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে।

হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের বিকট শব্দ আর ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্কে শহরের অধিকাংশ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানুষের চলাচলও সীমিত হয়ে পড়েছে। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধরা জারি করা হয়েছে।

এনসিপির এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলানো হয়।

বুধবার সকালে এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরে ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসবের মধ্যে বুধবার বেলা দেড়টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয়বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায় বলে এনসিপি নেতাকর্মীদের অভিযোগ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা পুলিশি নিরাপত্তায় টেকেহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

হামলা-সংঘর্ষের পর এর প্রতিবাদে বিকালে সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে অনুযায়ী শাহবাগসহ বিভিন্ন জায়গায় সংগঠনটির অনুসারীরা অবরোধ করেন। যদিও বিকাল ৫টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেইসবুক পেইজে ‘ব্লকেড’ উঠিয়ে রাস্তার পাশে অবস্থান কর্মসূচি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিপি নেতা সারজিস আলমও নিজের ফেইসবুক পেইজে ‘ব্লকেড’ উঠিয়ে রাস্তার পাশে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা প্রচার করেছেন।