১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ

অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ দিশা।

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সানিভা রাকিব সোহা, নুজহাত আহমেদ দিশা, মোনামী জামান ও আফসানা আকতার (বাঁ থেকে)

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 03:37 PM

Updated : 25 Apr 2024, 03:37 PM

জর্জিয়ার স্কালতুবো শহরে এবারের ইউরোপিয়ান গার্লস ম্যাথম্যাটিকাল অলিম্পিয়াডে (ইজিএমও) একটি ব্রোঞ্জ পদক ও তিনটি ‘সম্মানজনক স্বীকৃতি’ পেয়েছে বাংলাদেশের দল।

ইজিএমও’র ১৩তম এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় গত ১১ থেকে ১৭ এপ্রিল; চতুর্থবারের মত এতে অং শগ্রহণ করে বাংলাদেশের স্কুলপড়ুয়া মেয়েদের চার সদস্যের দল।

অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ দিশা। ভিকারুননিসার আরেক শিক্ষার্থী মনামি জামান, হলি ক্রস কলেজের আফসানা আকতার ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সানিভা রাকিব সোহা পেয়েছেন ‘সম্মানজনক স্বীকৃতি’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় ৫৫টি দেশের ২১২ জন প্রতিযোগীর মধ্যে এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের মেয়েরা।

ইজিএমওতে বাংলাদেশের দল নেতার দায়িত্ব পালন করেন অতনু রায় চৌধুরী এবং উপদলনেতা ছিলেন ঈপ্সিতা বহ্নি উপমা।

ঈপ্সিতা বহ্নি বলেন, “এবারের প্রশ্নের ধরন গত কয়েক বছরের থেকে ভিন্ন ছিল। আমাদের শিক্ষার্থীরা নম্বর থিওরি, এলজেবরা বিষয়গুলোতে উন্নতি করেছে। পুরো ইভেন্ট জুড়ে তাদের অংশগ্রহণ ছিল প্রাণখোলা ও আনন্দময়। এটাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন।”

আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মেয়েদের সাফল্যে ‘গণিতকন্যা- বাংলাদেশ গার্লস ম্যাথমেটিক্স ফাউন্ডেশন’ এর সদস্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, “আমাদের মেয়েরা দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে, এটি আমাদের জন্যে অনেক গর্বের ও আনন্দের।”