বিশেষ অভিযানে একদিনে ঢাকায় গ্রেপ্তার ৩০৭
এক দিনে ৭৬ জন গ্রেপ্তার হয়েছেন রাজনৈতিক মামলায়।
চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩০৭ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ, যাদের মধ্যে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭৬ জন।
রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গত ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয় সারাদেশে। এ ছাড়া বিজয় দিবস, থার্টিফাস্ট নাইট, বড় দিনের উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য এ অভিযান চলছে বলে পুলিশে সদর দপ্তর জানিয়েছিল।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, “ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানা এলাকায় অভিযান চালিয়ে গত এক দিনে ৩০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৭৬ জনকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”
গত ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়।
আদেশে বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
