২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুজন সহজে জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে মানুষের কাছে থেকে টাকা নিতেন, বলছে পুলিশ।

চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২
গ্রেপ্তার দুজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

চট্টগ্রামে ভুয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে জাতীয়তা সনদ আনতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক; তার দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে, যিনি জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করতেন।

নগরীর হালিশহর ও আগ্রাবাদ এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তারের কথা বলেছেন হালিশহর থানার ওসি কায়সার হামিদ।

ওই দুজন হলেন- মো. সাগর (২৪) ও রেজাউল করিম (২৫)।

পুলিশ বলছে, তারা কখনও কাউন্সিলর কার্যালয়ের কর্মচারী, আবার কখনও পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয় দিতেন। সহজে জন্ম নিবন্ধন করে দেওয়ার কথা বলে মানুষের কাছে থেকে টাকা নিতেন।

ওসি কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালিশহরের ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড কার্যালয়ে গিয়ে মঙ্গলবার জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে জাতীয়তা সনদ নিতে যান সাগর। সেসময় দায়িত্বরতদের সন্দেহ হওয়ায় জন্ম সনদ যাচাই করলে তারা সেটি ভুয়া দেখতে পান।

“জন্ম সনদটিতে কাউন্সিলরের স্বাক্ষর ছিল স্ক্যান করা, পাশাপাশি যে নম্বরটি ছিল তাদের বালাম বইয়েও নেই। পরে পুলিশকে জানানো হলে সাগরকে আটক করে থানায় নেওয়া হয়।”

এরপর সাগরের দেওয়া তথ্যে আগ্রাবাদ এলাকা থেকে জাল সনদের ‘কারিগর’ রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, রেজাউল আগ্রাবাদ এলাকায় একটি ফটোকপির দোকানে কাজ করেন। মানুষ অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন করতে আসলে তাদের ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর ও জন্ম নিবন্ধন সহকারীর সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া জন্ম সনদ তৈরি করে দিতেন।

রেজাউলের কাছ থেকে ওয়ার্ড কাউন্সিলর, জন্ম নিবন্ধন সহকারীর সিল, সনদ ও আবেদন ফরম জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পরে এ ঘটনায় ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড সচিব বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেছেন।