১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নানা অভিযোগ, রিট দায়ের

প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু সত্ত্বেও ভোক্তাদের অতিরিক্ত চার্জ ও গোপন চার্জ দিতে হয়; বিদ্যুতের বিল আদায় ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে আইনজীবীর ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:56 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

বিদ্যুতের প্রিপেইড মিটারের বিল আদায় ব্যবস্থায় স্বচ্ছতা আনাসহ কয়েকটি নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন কয়েকজন আইনজীবী। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল হাদী এ রিট দায়ের করেন।

জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, ডেসকো, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ও ডিপিডিসির কর্তৃপক্ষকে রিটে বিবাদী করা হয়েছে।

কামরুল হাসান রিগ্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২১ মে তারা বিবাদীদের কাছে আইনি নোটিস পাঠান।  

নোটিসে বলা হয়, বাংলাদেশে প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে সব বিদ্যুৎ ব্যবহারকারীকে এর আওতায় আনা হবে বলে ঘোষণা রয়েছে। 

“প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু সত্ত্বেও ভোক্তাদের অতিরিক্ত চার্জ ও গোপন চার্জ দিতে হয়; বিদ্যুতের বিল আদায় ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে। এতে ভোক্তারা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এতে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ বিষয়গুলার পর্যালোচনা ও সংস্কার প্রয়োজন।” 

এসব বিষয়ে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে; আগামী সপ্তাহে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে কামরুল হাসান রিগ্যান জানিয়েছেন।