১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পশু কোরবানি বেড়েছে ৩.৭%

সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে; সবচেয়ে কম ময়মনসিংহে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 11:30 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

এ বছর ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

কোরবানি হওয়া পশুর এই সংখ্যা গত বছরের চেয়ে ৩ লাখ ৬৭ হাজার ১০৬টি বা ৩.৭ শতাংশ বেশি। 

২০২৩ সালে সারাদেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছিল। তার আগের বছর এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বছর কোরবানির পশুর চাহিদা হিসাব করেছিল ১ কোটি ৭ লাখ। এর বিপরীতে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ। এই হিসেবে ধারণার চেয়ে কম পশু কোরবানি হয়েছে এবার। 

চাহিদার চেয়ে বেশি পশুর সরবরাহ থাকলেও এবার দাম গতবারের চেয়ে অনেকটা বেশি ছিল বলে হাটগুলোতে অভিযোগ করেন ক্রেতারা।   

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাজমুল হাসান জানান, বরাবরের মতই সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।

কোথায় কত গবাদিপশু কোরবানি

•    ঢাকা বিভাগ: ২৫ লাখ ২৯ হাজার ১৮২টি

•    চট্টগ্রাম বিভাগ: ২০ লাখ ৫৭ হাজার ৫২০টি

•    রাজশাহী বিভাগ: ২৪ লাখ ২৬ হাজার ১১১টি

•    খুলনা বিভাগ: ১০ লাখ ৮ হাজার ৮৫৫টি

•    বরিশাল বিভাগ: ৪ লাখ ২৮ হাজার ৪৩৮টি

•    সিলেট বিভাগ: ৩ লাখ ৯৩ হাজার ৭৪২টি

•    রংপুর বিভাগ: ১১ লাখ ৭২ হাজার ৫৫৩টি

•    ময়মনসিংহ বিভাগ: ৩ লাখ ৯২ হাজার ৫১৭টি

মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয়ের হাতে আসা তথ্য অনুযায়ী, কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৭ লাখ ৬৬ হাজার ৮৫৯টি গরু, ১ লাখ ১২ হাজার ৯১৮টি মহিষ, ৫০ লাখ ৫৬ হাজার ৭১৯টি ছাগল, ৪ লাখ ৭১ হাজার ১৪৯টি ভেড়া এবং ১ হাজার ২৭৩টি অন্যান্য পশু।