Published : 22 Nov 2025, 08:03 PM
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।
শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। সেই সঙ্গে সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন।
ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তাৎক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখানে ০২৫৮৮১১৬৫১ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে।
ভূমিকম্প নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবপুরে।
ওই ভূমিকম্পে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়। এই তিন জেলা আর গাজীপুর মিলিয়ে আহত হয় ছয় শতাধিক মানুষ।
পরের দিন শনিবার সকাল ও সন্ধ্যায় আরও দুই দফা ভূমিকম্প হয় দেশে। তবে তীব্রতা কম থাকায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।