০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যায় চার আসামির জবানবন্দি

জবানবন্দি নেওয়ার পর তাদের পাঠানো হয়েছে কারাগারে।

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যায় চার আসামির জবানবন্দি
তানজিল জাহান ইসলাম তামিম দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা ছিলেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 10:03 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। 

এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে চার দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করে পুলিশ। তাদের মধ্যে মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেল জবানবন্দি দিতে রাজি হন। 

আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই এশারত আলী বলেন, চারজন ‘স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিতে সম্মত হওয়ায় মহানগর হাকিম সাদ্দাম হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

জবানবন্দি না দেওয়া দুই আসামি মো. আব্দুল লতিফ ও মোজাম্মেল হক কবিরকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। বিচারক তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিহত তামিম দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা ছিলেন। মহানগর আবাসিক এলাকার চার নম্বর রোডের ডি-ব্লকের একটি বাড়ির আট তলার ফ্ল্যাটে তিনি থাকতেন।

গত ১০ অক্টোবর ওই ভবনে ঢুকে তামিমকে মারধর করে একদল লোক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

ওই ঘটনায় তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১১/১২ জনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন। 

পরে সিসি ক্যামেরার ভিডিও দেখে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠায়।   

মামলার বিবরণে বলা হয়, তামিমের পরিবারসহ তিন মালিকের জমি নিয়ে প্লেজেন্ট প্রোপার্টিজ নামের একটি আবাসন নির্মাতা কোম্পানি ভবন নির্মাণ করে। নয় তলা ওই ভবনে ফ্ল্যাট মোট ২৭টি।

প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা থাকলেও তামিমের বাবাকে দেওয়া হয় দুটি ফ্ল্যাট। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট ডেভেলপার কোম্পানির মালিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন।

এজাহারে বলা হয়, গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০/২৫ জন লোক ওই বাড়িতে ঢুকে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে তার ওপর হামলা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুরনো খবর

টিভি কর্মীর মৃত্যু: সিসি ক্যামেরার ভিডিও দেখে গ্রেপ্তার আরও ১

তামিম হত্যা মামলায় নাম: বিএনপি নেতা রবির দলীয় পদ স্থগিত

তামিম হত্যায় বিএনপি নেতা রবির দায় দেখছে পুলিশ, ওসি প্রত্যাহার

বাসায় ঢুকে পেটাল 'ডেভেলপার কোম্পানির লোক', টিভিকর্মীর মৃত্যু