২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয়গুলো যেন দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে: দুদক চেয়ারম্যান

“তারা ব্যবস্থা নিলে এত অভিযোগ দুদকে আসত না। তাদের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দুদকে অভিযোগ কম আসবে- দুদক এটাই চায়।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 10:07 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

মন্ত্রণালয়গুলো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুদকের ঘাড়ে অভিযোগের পাহাড় জমত না বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

তিনি বলেছেন, “কোনো মন্ত্রণালয়ের আইন ও বিধিতে দুর্নীতি দমনের কোনো কথা বলা নেই। সব মন্ত্রণালয় যেন দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে। মন্ত্রণালয়গুলোর আইনে দুর্নীতিবিরোধী ধারা থাকতে হবে।”

সোমবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২০, ২০২১ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন দুদক চেয়ারম্যান। 

তিনি বলেন, দুর্নীতি প্রমাণ করা ‘অত্যন্ত কঠিন’ কাজ। দুদকের একার পক্ষে সব ধরনের দুর্নীতি দমন করা সম্ভব নয়। মন্ত্রণালয়গুলো দুর্নীতির বিরুদ্ধে ‘ব্যবস্থা নিচ্ছে না’। 

“তারা ব্যবস্থা নিলে এত অভিযোগ দুদকে আসত না। তাদের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দুদকে অভিযোগ কম আসবে- দুদক এটাই চায়। সব ক্ষেত্রে দুর্নীতি যেন না হয় তার জন্য প্রতিরোধ করা জরুরি।”

সাংবাদিকরা যে কাজ করে আর দুদক যে কাজ করে এসব কাজ ‘একে অপরের পরিপূরক’ বলে মন্তব্য করেন মঈনউদ্দীন আবদুল্লাহ।

এ অনুষ্ঠানে ২০২০, ২০২১ সালের দুদক মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী ১২ জন সাংবাদিকের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মানী তুলে দেওয়া হয়। 

দুদক কমিশনার মো. জহুরুল হক বলেন, “সমাজে যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে। আপনারা সিআইপি, ভিআইপি- যাদেরকে সম্মান দিয়ে এগিয়ে আনতে যান, তারা দুর্নীতির সঙ্গে জড়িত। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের মুখ উন্মোচন করতে হবে। 

“সামাজিক ভাবে তাদের বয়কট করতে হবে। এক্ষেত্রে ক্ষমতাবানদের ভয় পেলে চলবে না। কালো কে সর্বদা কালো বলতে হবে, লেখনিতে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে।”

দুদক কমিশনার মোছা. আছিয়া খাতুন বলেন, “ভবিষ্যতের বাংলাদেশের জন্য সুন্দর একটি প্রজন্ম রেখে যেতে হবে। আর এজন্য সবাই মিলে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।”

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান মনজুরুল আহসান বুলবুল বলেন, “প্রতিযোগিতার জন্য জমা হওয়া প্রতিবেদনগুলোতে দুর্নীতির অনেক তথ্য উপাত্ত এসেছে, সেগুলো দুদক আমলে নিয়ে অনুসন্ধান চালালে দুর্নীতিবাজরা আতঙ্কে থাকবে। একইসঙ্গে সাংবাদিকরা তাদের কাজের ক্ষেত্রে উৎসাহিত হবে।”

ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমিনসহ জুরি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।