ঢাকায় এক হোটেল থেকে ৫১ জনসহ গ্রেপ্তার ২৪১
এদের মধ্যে ১৯০ জনকে আদালতে তুলেছে পুলিশ।
ঢাকার কাকরাইলের একটি আবাসিক হোটেল থেকে বিএনপির ৫১ জন নেতাকর্মীসহ মোট ২৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকায় সমাবেশ ঘিরে ‘ধর-পাকড়’ চলছে বিএনপি নেতাদের এমন অভিযোগের মধ্যে এদের গ্রেপ্তারের খবর এল।
কাকরাইলের মেরিনা নামের ওই হোটেল থেকে মঙ্গলবার রাতে ‘ককটেল নিক্ষেপ’ করা হয় বলেও দাবি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিবির মতিঝিল বিভাগের উপ কমিশনার রাজীব আল মাসুদের।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছেই অবস্থান এ হোটেলের।
বুধবার সরকার হটানোসহ বিভিন্ন দাবিতে ‘এক দফা’ আদায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে বিএনপি।
পুলিশ কর্মকর্তা রাজীব বলেন, নিরাপত্তা তল্লাশীর অংশ হিসেবে পুলিশ কাকরাইলের মেরিনা হোটেলে গেলে সেখানে পুলিশের ওপর ককটেল হামলা চালানো হয়। পরে সেখান থেকে ৫১ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে দাবি করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে রমনা থাকায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে নেওয়া হবে।
অপরদিকে পুরনো নাশকতার মামলায় গ্রেপ্তার আরও ১৯০ জনকে বুধবার আদালতে তোলা হয়, যাদের বেশির ভাগকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এদের মধ্যে মঙ্গলবার রাতে গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রয়েছেন।
বুধবার দুলুকে নাশকতার অভিযোগে ঢাকার বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। সেই সেঙ্গ বিএনপির ১১ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
বুধবারের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ গণগ্রেপ্তার চালাচ্ছেন বলে অভিযোগ করে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত পুলিশ আড়াইশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ঢাকার সমাবেশ বানচালের জন্য এসব করা হয়েছে বলে দাবি ফখরুলের।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ কমিশনার ফারুক হোসেন বলেন, আগে বিএনপি নেতাকর্মীদের অনেকেই নাশকতার সময় গ্রেপ্তার হয়েছিলেন। তখন দায়ের করা ১১টি মামলার অনেক আসামিকে এখন গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, বুধবার পুলিশ ১৯০ জনকে গ্রেপ্তার করে ‘আদালতে চালান’ দিয়েছে।
