০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বসুন্ধরায় এসি বিস্ফোরণ: দগ্ধ চারজনের তিনজনেরই মৃত্যু

শরীরে ৫০ শতাংশ পোড়া নিয়ে দুই মেয়ে ও নাতিসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬০ বছর বয়সী মান্নান।

বসুন্ধরায় এসি বিস্ফোরণ: দগ্ধ চারজনের তিনজনেরই মৃত্যু
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:52 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন আব্দুল মান্নান মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান।

শরীরে ৫০ শতাংশ পোড়া নিয়ে সোমবার রাতে দুই মেয়ে ও নাতিসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬০ বছর বয়সী মান্নান। 

এই নিয়ে এই ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হল।

এর আগে বৃহস্পতিবার বিকালে আব্দুর মান্নানের মেয়ে ফুতু আক্তার (১৮) এবং বুধবার ভোরে নাতি তিন বছরের শিশু আয়ানের মৃত্যু হয়। ফুতুর শরীর পুড়েছিল ৫৫ শতাংশ; আর আয়ানের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এছাড়া মান্নানের আরেক মেয়ে এবং আয়ানের মা রুকসি আক্তার (২০) চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন রুকসির অবস্থা আশংকাজনক।

বসুন্ধরার ওই ফ্ল্যাটে সোমবার সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণে তারা দগ্ধ হন। প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।

মেয়ে রকসি আক্তারের ব্রেইন টিউমার হওয়ায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য আব্দুল মান্নান পরিবার নিয়ে ঢাকায় এসেছিলেন। কিছুদিন থাকার জন্য বসুন্ধরার এ ব্লকের নিচতলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তারা। তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। 

এ পরিবারের আত্মীয় আহমেদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৬ তারিখ এভারকেয়ারে রুকসির অপারেশন হয়। তারপর বাসায় আনা হয় তাকে। ওইদিন সন্ধ্যায় বিদুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। আবার বিদ্যুৎ আসার পর বিষ্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ”

আরও পড়ুন

বসুন্ধরায়'এসি বিস্ফোরণে'দগ্ধ ৪,ভর্তি বার্ন ইনস্টিটিউটে

বসুন্ধরায় এসি বিস্ফোরণ: চলে গেল তিন বছরের আয়ান

বসুন্ধরায় এসি বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু