Published : 13 Nov 2025, 11:47 PM
নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে এবার দুটি পৃথক আদেশে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার রাতের দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি পাঠানোর পাশাপাশি আগের দুই ডিসির বদলির আদেশ বাতিল করা হয়।
এদিন ৮ নভেম্বর নতুন ডিসির দায়িত্ব পাওয়া ঢাকা, গাজীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককে বদলে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিন দফায় ৪৯ জেলায় ডিসি বদল হল।
এদিকে এদিন চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনারও দিয়েছে সরকার। এরমধ্যে তিনজন নতুন এবং একজনকে এক বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়েছে।
নতুন ডিসি যারা, ঢাকা-গাজীপুর-নোয়াখালীতে ফের বদল
চলতি সপ্তাহে প্রথমে ১৪ জন এবং পরে আরও ১৫ জনকে ডিসি হিসেবে মাঠ প্রশাসনে পাঠানো হয়েছিল। এরমধ্যে ঢাকা, গাজীপুর ও নোয়াখালীতে আবার ডিসি বদল করা হয়।
এদিন নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের ডিসি করে পাঠানো হয়।
এছাড়া লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুর, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনা, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁর ডিসি করা হয়েছে।
একই আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানকে কুমিল্লা এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের ডিসি করা হয়।
অপর প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফাকে পাবনা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিমকে ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামূল আহসানকে রংপুরের ডিসি করা হয়।
এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসানকে যশোর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মুহাম্মদ শফিকুল ইসলামকে নোয়াখালীর ডিসি করা হয়।
একই আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে গাজীপুর, এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে গাইবান্ধা, ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে কুড়িগ্রাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলমকে মাদারীপুর, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজার, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের সহকারী পরিচালক মো. খায়রুল আলম সুমনকে বরিশাল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে বরগুনা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফীকে রাঙামাটির ডিসি করা হয়েছে।
চার বিভাগীয় কমিশনার বদলি
অপরদিকে এদিন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদকে খুলনার বিভাগীয় কমিশনার করা হয়েছে।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এন. এম বজলুর রশীদকে রাজশাহী বিভাগ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল বিভাগ এবং মৎস্য উন্নয়ন করপোরশেরন চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়।
আরও পড়ুন: