সড়কে ‘অযাচিত’ বিতণ্ডা: রিকশাযাত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
“অযাচিত বিতণ্ডায় জড়ালে সরকারি কাজে বিঘ্ন ঘটে”, গণবিজ্ঞপ্তিতে বলেছে ডিএমপি।
রাজধানীতে উল্টোপথে রিকশাসহ সব ধরনের যানবাহন চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানোর পাশাপাশি ডিএমপি বলেছে, উল্টোপথে চলাচল নিয়ে ট্রাফিক পুলিশ কিংবা বা ‘সহায়তাকারীদের’ সঙ্গে বিতণ্ডায় জড়ালে রিকশাযাত্রীদের বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “উল্টোপথ ও অননুমোদিত সড়কে রিকশা চলাচলের ফলে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে। যানজট বেড়ে যাওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়।
“অনেক সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও ট্রাফিক সহায়তাকারীদের সঙ্গে অযাচিত বিতণ্ডায় জড়ানোর ফলে সরকারি কাজে বিঘ্ন ঘটে।”
ডিএমপি বলছে, “মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাগুলোকে উল্টোপথে চলাচলে বাধা দিলে কিংবা আইন প্রয়োগ করতে গেলে অনেক ক্ষেত্রে যাত্রী অথবা চালকরা বাধা দেন।”
এগুলোকে ফৌজদারি অপরাধ জানিয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “এসবের জন্য সংশ্লিষ্ট যাত্রী বা চালককে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হচ্ছে।”
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “অনেক ক্ষেত্রে সরকারি ও পেশাজীবীদের বহন করা গাড়ি বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল করার মাধ্যমে এবং যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে যানজট বৃদ্ধি করছে।”
উল্টোপথে চলাচলের অভিযোগে সম্প্রতি সরকারি দপ্তরের কর্মীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়।
