২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরকে অঙ্গীভূত করার ইসরায়েলি প্রচেষ্টার নিন্দা বাংলাদেশের

“বাংলাদেশ আবারও দৃঢ়ভাবে বলছে, পূর্ব জেরুসালেমসহ ফিলিস্তিন ভূখণ্ডের কোনো অংশের উপরই ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।”

পশ্চিম তীরকে অঙ্গীভূত করার ইসরায়েলি প্রচেষ্টার নিন্দা বাংলাদেশের
ছবি: রয়টার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আইন বলবৎ করতে দেশটির পার্লামেন্টে বিল অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, “ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলকৃত ভূখণ্ডের উপর তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপ করে সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে খসড়া আইন অনুমোদনের কড়া ভাষায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার।”

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আইন বলবৎ করার একটি বিলে বুধবার প্রাথমিক সম্মতি দেয় ইসরায়েলি পার্লামেন্ট নেসেট।

১৯৬৭ সালে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ বলেই মনে করে। এই পশ্চিম তীর ইসরায়েলের দখল করে রাখাটা অবৈধ বলে গতবছর রায় দিয়েছিল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পক্ষে কথা বলেছিলেন। তবে তিনি এ পরিকল্পনা এগিয়ে নেননি। কারণ, এতে মিত্রদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের বিচ্ছিন্ন হয়ে পড়া এবং বহু দশকের শত্রুতার পর আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের গড়ে ওঠা সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি ছিল।

ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতাসীন কোয়ালিশনের উগ্র জাতীয়তাবাদীরা বারবারই পশ্চিম তীর দখল করে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। যদিও এবার নেসেটে ওঠা বিলটি সরকারের বাইরের এমপিরাই পেশ করেছেন।

বিলটি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ২৫-২৪ ভোটে পাস হয়। বিলটি আইনে পরিণত হতে চারটি ভোট পার হতে হবে, তার মধ্যে বুধবার প্রথম ভোটটি হয়েছে। 

১২০ আসনের নেসেটে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। আবার প্রধানমন্ত্রী বিলটি নিয়ে বিলম্ব করতে পারেন কিংবা এটি পাস না হওয়ারও সম্ভাবনা আছে।

নেসেটে বিলটিতে প্রাথমিক সম্মতির পর ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনি ভূমির ওপর ইসরায়েলের কোনও সার্বভৌমত্ব থাকতে পারে না।

পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখলে রাখার সময় ইসরায়েল প্রায় ১৬০টি বসতি এবং ৭ লাখ হাউজিং স্থাপন করেছে। সেখানে তাদের পাশাপাশি বাস করে ৩৩ লাখ ফিলিস্তিনি।

এইসব বসতি আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ। এই বিল পাসের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীর সংযুক্তি উল্টো ফল বয়ে আনবে এবং শান্তি চুক্তির জন্য হুমকি হবে।

নতুন প্রচেষ্টার প্রতিবাদ জানানোর পাশাপাশি ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা স্মরণ করিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত প্রস্তাবগুলো, বিশেষ প্রস্তাব ২৩৩৪-এর নির্জলা লঙ্ঘন করে এবং পশ্চিম তীরে অবৈধ বসতি বিস্তৃত করার মধ্য দিয়ে ইসরায়েল তাদের বেআইনি দখল অব্যাহত রেখেছে।

“বাংলাদেশ আবারও দৃঢ়ভাবে বলছে, পূর্ব জেরুসালেমসহ ফিলিস্তিন ভূখণ্ডের কোনো অংশের উপরই ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।”

বিবৃতিতে বলা হয়, “২২ অক্টোর ২০২৫ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) উপদেশমূলক মতামতকে স্বাগত জানাচ্ছে ঢাকা; যেখানে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতার কথা তুলে ধরা হয়েছে। ক্ষুধাকে যুদ্ধাস্থ হিসাবে ব্যবহার বন্ধের বিষয়ও এর মধ্যে রয়েছে ।

“ফিলিস্তিনি জনগণের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ। যে অধিকারের মধ্যে আত্মঃনিয়ন্ত্রণ এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে ১৯৬৭-পূর্ব সময়ের সীমানার আলোকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিও রয়েছে।”