২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরেও ঢাকার ৫৬টি ওয়ার্ডে মশার ‘ঝুঁকিপূর্ণ উপস্থিতি’

দুই সিটি করপোরেশনের ৯৯টি ওয়ার্ডে ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 12:37 AM

Updated : 26 Aug 2026, 11:03 AM

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নভেম্বরে জরিপ চালিয়েও মশার ‘ঝুঁকিপূর্ণ উপস্থিতি’ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জরিপে উঠে এসেছে, দুই সিটি করপোরেশনের ৯৯টি ওয়ার্ডের ৫৬টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড আছে ৩৫টি; বাকি ২১টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করা হয়।

জরিপে দেখা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার গড় ব্রুটো ইনডেক্স বা বিআই ২২ দশমিক ৭১। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার গড় ব্রুটো ইনডেক্স ২৫ দশমিক ৬০ এবং উত্তর সিটি করপোরেশন এলাকার গড় ১৮ দশমিক ৮০।

কোনো এলাকায় মশার লার্ভার উপস্থিতি হিসাব করা হয় ব্রুটো ইনডেক্সের মাধ্যমে। এই ইনডেক্স ২০ এর বেশি হলেই ঝুঁকিপূর্ণ ধরা হয়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, “মানুষের সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল মন্ত্র। আমরা সবাই জানি, কোথায় মশা উৎপত্তি হয়, কীভাবে ছড়ায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়-কিন্তু আমরা কেউ নিয়ম মানতে, সচেতন হতে রাজি নই। এটাই ডেঙ্গু বিস্তারে মূল সমস্যা।

“কাউকে দোষারোপ না করে ডেঙ্গু মশা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, যার যার অবস্থান ও কর্মস্থল থেকে আমরা যদি সবাই যথাসাধ্য চেষ্টা করি, তবেই এ মহামারি থেকে আমরা রক্ষা পেতে পারি।”

দুই সিটি করপোরেশন এলাকার ৯৯টি ওয়ার্ডে ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ডিএসসিসির ৫৯টি এবং ডিএনসিসির ৪০টি ওয়ার্ড রয়েছে।

জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫টি এবং উত্তর সিটি করপোরেশনের ২১ ওয়ার্ডে বিআই ছিল ২০ এর বেশি।

জরিপের তথ্য বলছে, সর্বোচ্চ ৭০ ব্রুটো ইনডেক্স পাওয়া গেছে ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডে। পোস্তগোলা, ঢাকা কটন মিলস, বাহাদুরপুর লেন, গেন্ডারিয়া, বাংলাদেশ ব্যাংক কলোনি এবং ঢালকানগর লেন নিয়ে এই ওয়ার্ড গঠিত।

এছাড়া ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডে ৬৬ দশমিক ৬৭, ৬১ নম্বর ওয়ার্ডে ৫৬ দশমিক ৬৭, ৫০ নম্বর ওয়ার্ডে ৫৩ দশমিক ৩৩, ২ নম্বর ওয়ার্ডে ৪৬ দশমিক ৬৭ এবং ১৬, ২৬ ও ৩৬ নম্বর ওয়ার্ডের ব্রুটো ইনডেক্স ছিল ৪৩ দশমিক ৩৩।

ডিএনসিসিতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৬৮ ব্রুটো ইনডেক্স পাওয়া গেছে ৩৮ নম্বর ওয়ার্ডে। বাড্ডার মোল্লাপাড়া, আদর্শনগর, উত্তরবাড্ডার ময়নারটেক, উত্তরপাড়া ও হাজীপাড়া নিয়ে ৩৮ নম্বর ওয়ার্ড গঠিত।

এ বছর ডিসেম্বর চলে এলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা খুব একটা কমেনি। চলতি মাসের প্রথম চারদিনে ২ হাজার ৮৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ২১ জনের।

এ বছর সব মিলিয়ে ৯৪ হাজার ৩১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫০৯ জনের মৃত্যু হয়েছে।

এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্য হয়েছে চলতি বছর।

এর আগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও ২০২৩ সালে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর অক্টোবরের শেষ সময়ে ভারি বৃষ্টি হয়েছে। এ কারণে জমে থাকা পানিতে মশা জন্মানোর সবচেয়ে ভালো পরিবেশ ছিল। শুধু বৃষ্টি নয়, শহর অপরিচ্ছন্ন থাকায় মশা বেড়েছে বেশি।

“বৃষ্টি তো পৃথিবীর অনেক দেশেই হয়। কিন্তু তাদের দেশে এত মশা হয় না। আমাদের এখানে ময়লায় জমে থাকা পানিতে সহজেই মশা জন্মে।”

এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন, “শুধু সিটি করপোরেশনকে দোষারোপ করলে হবে না। ময়লার ওপর ওষুধ ছিটালে কোনো কাজ হবে না। আমরা যা পারি তা হলো শহর পরিচ্ছন্ন রাখা, এ ছাড়া আর কোনো উপায় দেখছি না।”