১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেছেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 07:58 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

সব শিক্ষার্থী জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন সরকার প্রধান। এ সময় মন্ত্রণালয়ে এক সভায় তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন বলে তথ্য প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।

তিনি বলেন, “পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

“সভায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

“মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।” 

সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় মাঠ পর্যায়ের শিক্ষা সংশ্লিষ্টরা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।

সহকারী প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার কথা বলেন।”