১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করতে বলব: তথ্য প্রতিমন্ত্রী

সংসদ সদস্য স্বপন তার সম্পূরক প্রশ্নে বলেন, “অনিবন্ধিত অনলাইন পত্রিকায় জ্বালায় আমরা অস্থির। এটা নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কিনা?”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সাতক্ষীরা-১ আসনের ফিরোজ আহমেদ স্বপনের সম্পূরক প্রশ্নে তিনি এ কথা বলেছেন।

সংসদ সদস্য স্বপন তার সম্পূরক প্রশ্নে বলেন, “সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতা বাংলাদেশে ভরে গেছে। আমাদের অনলাইন পত্রিকার নিয়ম কানুন কী আমরা জানিনা। অনিবন্ধিত অনলাইন পত্রিকায় জ্বালায় আমরা অস্থির। এটা নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কিনা?”

জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেন, “এ বিষয়গুলো আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। উনি যথার্থই বলেছেন বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মত বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাকিতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে।

“মজার বিষয় হলো যারা পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করেন তারা এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলেছেন- এ ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “এজন্য আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি, একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টাল এবং যতগুলো পোর্টাল আবেদন করেছে বা প্রক্রিয়াধীন আছে- তার পুরো লিস্ট বিটিআরসিকে পাঠাব। এর বাইরে যত অনলাইন পোর্টাল আছে, এমনকি একটি আবেদনও করেনি যারা, সবগুলোকে বন্ধ করে দেয়ার জন্য (বিটিআরসিকে) অনুরোধ জানাব।