১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্ক

নরসিংদীর বেলাবো এলাকার আকাশে উড়োজাহাজটি মধ্যরাতে অন্তত ২০ বার চক্কর দিয়েছে।

নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্ক
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 02:02 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দীর্ঘক্ষণ নরসিংদীর আকাশে চক্কর দিতে থাকলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়; সোমবার রাতের এ ঘটনায় অনেকে থানাতেও ফোন করেন।

পরে রাত দেড়টার কিছু আগে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

বিজি ১২৭ ফ্লাইটটির চট্টগ্রাম থেকে আবুধাবি যাওয়ার কথা ছিল। উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ার কারিগরি ক্রুটি নিয়ে এটি ঢাকায় অবতরণ করে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য মতে, নরসিংদীর বেলাবো এলাকার আকাশে উড়োজাহাজটি মধ্যরাতে ২০ বার চক্কর দিয়েছে।

দীর্ঘ সময়জুড়ে আকাশে চক্কর দেওয়ার বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় নিরাপদে অবতরণের প্রস্তুতি হিসেবে সেটি আকাশে উড়ছিল। নিয়ম অনুযায়ী কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা মেনে সব জ্বালানি পুড়িয়ে অবতরণের জন্য সেটি নরসিংদীর আকাশে চক্কর দিচ্ছিল।

ওই কর্মকর্তা বলেন, কারিগরি ক্রুটি দেখা দেওয়ার পর পাইলটরা টাওয়ারকে জানালে নিয়ম অনুযায়ী জরুরি অবতরণের আগে উড়োজাহাজের সব জ্বালানি খালি করতে বলা হয়। পরে জরুরি অবতরণের জন্য সব প্রস্তুতি নেওয়া হলে সেটি শাহজালালে নামে।

নরসিংদীর বেলাবো থানার দায়িত্বরত কর্মকর্তা ইফাত হোসেন বলেন, উড়োজাহাসটি চক্কর দিতে থাকলে ৯৯৯ এর মাধ্যমে থানায় স্থানীয় লোকজন ফোন দিয়েছিলেন। তবে সিভিল অ্যাভিয়েশন বা এয়ারলাইন্স থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।