২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ভ্যাটিকানের রাষ্ট্রদূত শনিবার সন্ধ্যায় গণভবনে বিদায়ী সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী তাকে এ কথা বলেন।

খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 12:18 AM

Updated : 04 Sep 2022, 12:18 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক সংকট বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন তার সরকারের অগ্রাধিকার।

দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও আশ্রয় নিশ্চিত করতেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি শনিবার সন্ধ্যায় গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাকে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

শেখ হাসিনা বৈঠকে বলেন, কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ঢাকায় ‘সফলভাবে’ মেয়াদ শেষ করায় ভ্যাটিকানের বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি কূটনৈতিক কোরের ডিন হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার ঠিক আগে ভ্যাটিকান সফরের কথা প্রধানমন্ত্রী বৈঠকে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

বিদায়ী রাষ্ট্রদূত জর্জ কোচেরি প্রধানমন্ত্রীকে বলেন, তিনি বাংলাদেশের অনেক এলাকা ঘুরে দেখেছেন এবং দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন দেখে বিস্মিত হয়েছেন।

বাংলাদেশের চার্চগুলোর ‘বিশেষ যত্ন ও সুরক্ষা’ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, খ্রিস্টান মিশন অনেক কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, যার লক্ষ্য হল মানুষের কল্যাণ, বিশেষ করে শিক্ষার উন্নয়ন।

তার ভাষায়, “শিক্ষা হল মূল ক্ষেত্র, যার উন্নয়ন আমরা করতে চাই।”

রাষ্ট্রদূত জানান, সমবায় প্রতিষ্ঠান দ্য খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে গাজীপুরে ৩০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ কম খরচে মানসম্মত চিকিৎসা পাবেন। ২০২৩ সালের জুলাই মাসে হাসপাতালটির উদ্বোধন হওয়ার কথা।

তিনি প্রধানমন্ত্রীকে ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধনের আমন্ত্রণ জানান এবং এ বিষয়ে অনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।

জর্জ কোচেরি প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টা তিনি উপভোগ করেছেন।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।