২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে বাসচাপায় নারীর মৃত্যু

আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 04:14 PM

Updated : 12 Mar 2024, 04:14 PM

রাজধানীর শাহবাগে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে শাহবাগ থানার ওসি মোস্তাজিরুল ইসলাম জানান।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “সাভার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় বাসের চালক ও হেলাপারকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ওসি।

এর আগে সকাল ৬টার দিকে মহাখালীর সেতু ভবনের সামনে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়লে চালকসহ আটজন আহত হন।

ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদি আরব থেকে দেশে আসা মো. কায়েসকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে থেকে নিয়ে গ্রামের বাড়ি নড়াইলে যাচ্ছিলেন তার স্বজনরা।

“ভাড়া করা মাইক্রোবাসটিতে চালকসহ আটজন ছিলেন। সেতু ভবনের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি ফ্লাইওভারের রেলিংয়ে গিয়ে ধাক্কা দেয়। এতে সবাই আহত হন।”

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।