ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত: আদালতে ৩ জনের জবানবন্দি
কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় সোমবার তার ওপর হামলা হয়।
রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমদ হোসেনকে ছুরিকাঘাতের মামলায় তিন আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার তিনটি আদালত তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে।
জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন-শামস আল আসাদুজ্জামান শিকদার ওরফে রানা, সালাউদ্দিন ও শরিফুল আলম করিম।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে ৫০ বছর বয়সি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক আহমদকে ছুরিকাঘাত করা হয়। ছুরি হামলার পর তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ বলছে, কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ওই চিকিৎসক। এ সময় নাম না জানা দুই-তিনজন তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় সে দিন রাতেই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির বনানী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরই ইউসুফ আলী ও নেছার আহমেদকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার আরও পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই এস এম আবু রায়হান বুধবার এ পাঁচ আসামিকে আদালতে হাজির করেন।
জবানবন্দি দেওয়া তিন আসামির বাইরে আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আলম সাজ্জাদকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শামস আল আসাদুজ্জামান, আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সালাউদ্দিন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত শরীফুলের জবানবন্দি গ্রহণ করে।
এরপর তাদের কারাগারে পাঠানোর হয়েছে বলে জানান এসআই মোক্তার হোসেন।
তিনি বলেন, আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আলম সাজ্জাদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
আগের খবর:
