মহাখালীতে চিকিৎসককে ছুরিকাঘাত
বেশ কিছুদিন ধরে একটি বিদেশি নম্বর থেকে তিনি হুমকি পাচ্ছিলেন, আহত চিকিৎসকের বরাতে বলছে পুলিশ।
ঢাকার মহাখালীতে জাতীয় ক্যান্সার হাসপাতালের এক চিকিৎসককে ছুরিকাঘাত করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে তাকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন জানিয়েছেন।
আহমদ হোসেন নামে ৫০ বছর বয়সি এ চিকিৎসক জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের দায়িত্বে রয়েছেন। ছুরি হামলার পর তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
পরিদর্শক মঈন উদ্দিন বলেন, “কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ওই চিকিৎসক। এসময় নাম না জানা দুই-তিনজন তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
আহত চিকিৎসকের বরাতে পুলিশ বলছে, বেশ কিছুদিন ধরে একটি বিদেশি নম্বর থেকে ‘টেন্ডার দেওয়ার জন্য হুমকি’ দেওয়া হচ্ছিল। সেই হুমকির সঙ্গে ছুরি হামলার ঘটনার যোগসূত্র আছে কিনা, সেটি খতিয়ে দেখার কথা বলছে পুলিশ।
