চিকিৎসককে ছুরি মারার ঘটনায় আটক ৫
সোমবার বিকালে পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে ওই চিকিৎসককে ছুরিকাঘাত করা হয়।
ঢাকার মহাখালীতে জাতীয় ক্যান্সার হাসপাতালের এক চিকিৎসককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৫ জনকে আটকের তথ্য দিয়েছে র্যাব।
মঙ্গলবার র্যাবের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে আটক করা হয়েছে। দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ওই বার্তায় গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে ওই চিকিৎসককে ছুরিকাঘাত করা হয়।
আহমদ হোসেন নামে ৫০ বছর বয়সী এ চিকিৎসক জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের দায়িত্বে রয়েছেন। ছুরি হামলার পর তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ বলেছিল, কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ওই চিকিৎসক। এ সময় নাম না জানা দুই-তিনজন তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত চিকিৎসকের বরাতে পুলিশ জানিয়েছিল, বেশ কিছুদিন ধরে একটি বিদেশি নম্বর থেকে ‘টেন্ডার দেওয়ার জন্য হুমকি’ দেওয়া হচ্ছিল।
পুরনো খবর
