১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ শিগগির

ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম ৪ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ শিগগির
আদালতে ফারজানা রূপা-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় শিগগির জিজ্ঞাসাবাদ করা হবে।

গেল ৪ মার্চ সাগর-রুনি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার মামলাটি তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে শিগগির তাকে জিজ্ঞাসাবাদ করে হবে।”

মঙ্গলবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রূপাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম।

তিনি বলেন, মামলার তদন্ত অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক এ মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ ফেব্রুয়ারি আদলতে আবেদন করেন। ৪ মার্চ ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আবেদনে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সময়ে ফারজানা রূপা এটিএন বাংলা টেলিভিশনে প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সাগর-রুনি রুনির সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল। হত্যাকাণ্ডটি নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন বলে জানা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।