Published : 24 Jul 2026, 04:11 PM
বরিশাল, চট্টগ্রামসহ দেশের তিন বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, “তবে এই বিভাগগুলোতে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।”
বৃষ্টির পরিমাণের বিষয়টি স্পষ্ট করে এই আবহাওয়াবিদ বলেন, “ভারি বৃষ্টি বলতে বিক্ষিপ্তভাবে দুই-একটি জায়গায় বেশি বৃষ্টিপাত হতে পারে। যেমন কোথাও ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, আবার কোথাও ৬০ থেকে ৭০ মিলিমিটারও হতে পারে। তবে এটা বিভাগের সব জায়গায় হবে না, কোথাও কোথাও হবে।”
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।