প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, কারিগরি স্কুল স্থাপনে আগ্রহ
রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, অস্ট্রিয়ার উচিত আরও বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় অভিবাসনের ব্যবস্থা করা। এতে বাংলাদেশ থেকে মানব পাচার বন্ধ হবে।
ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রিয়ার একটি কোম্পানি।
তবে এই প্রকল্পের জন্য অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ পেতে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার।
প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের সঙ্গে সোমবার তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।
প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে বলেন।
প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, অস্ট্রিয়া সরকার বাংলাদেশে চলমান সংস্কারকাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে।
এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই বাংলাদেশ ভোটের তারিখ নির্ধারণ করবে।
বৈঠকে সন্ত্রাস দমন, আন্তঃসীমান্ত সমস্যা, মানব পাচার, আইনি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, পুলিশ বাহিনী সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত উইজার বলেন, আইনি প্রক্রিয়ায় অভিবাসনের জন্য অস্ট্রিয়ার একটি দীর্ঘমেয়াদী নীতি রয়েছে।
বাংলাদেশিরা পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে ষষ্ঠ বৃহত্তম অভিবাসী সম্প্রদায় বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, অস্ট্রিয়ার উচিত আরও বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় অভিবাসনের ব্যবস্থা করা। এতে বাংলাদেশ থেকে মানব পাচার বন্ধ হবে।
বৈঠকে জ্যেষ্ঠ সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং অস্ট্রিয়ার অনারারি কনসাল তাসবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
