২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামিন পেলে’ অন্য মামলায় গ্রেপ্তার দেখায়: আদালতকে সাবেক এসপি আসাদুজ্জামান

“ওই সময় নোয়াখালী থেকে ঢাকায় আমি কীভাবে আসলাম।”

‘জামিন পেলে’ অন্য মামলায় গ্রেপ্তার দেখায়: আদালতকে সাবেক এসপি আসাদুজ্জামান
আদালতে মমতাজ, জাহাঙ্গীর, মুরাদ ও আসাদুজ্জামান

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে গুলি করে হত্যার মামলায় নোয়াখালীল সাবেক এসপি মোহাম্মদ আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র তাকে গ্রেপ্তার দেখানো আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, এদিন আসাদুজ্জামানসহ পাঁচজনকে আদালত হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।

এর আগে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষক মইনুল ইসলাম হত্যা মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। 

আদালত তার উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। 

এদিন শুনানিকালে তাকে আদালত হাজির করা হয়।  

শুনানিকালে আসাদুজ্জামান আদালতকে বলেন, “ঘটনার সময় আমি নোয়াখালীর এসপি ছিলাম। খবর নিয়ে জানতে পারেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নোয়াখালীতে একটা লাঠি পর্যন্ত ব্যবহার করিনি। পেশাদারিত্বের সাথে কাজ করেছি। 

“ওই সময় নোয়াখালী থেকে ঢাকায় আমি কীভাবে আসলাম।” 

তিনি বলেন, “উচ্চ আদালত থেকে জামিন পাই, অন্য মামলায় গ্রেপ্তার দেখায়। গত পাঁচ মাসে আমার বিরুদ্ধে কি পেল, সেটা দেখান। জানা প্রয়োজন। আমার কোনো আপত্তি নেই। আমি ন্যায় বিচার চাই।”

শুনানির পরে আদালত সাবেক এই এসপিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

যাত্রাবাড়ীতে মাদ্রাসাশিক্ষক মঈনুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১৭৪ জনের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর থানায় মামলা করেন মঈনুলের বাবা কামরুল ইসলাম। 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ জুলাই বেলা ২টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া উড়ালসড়কে ছাত্র-জনতার মিছিল চলছিল। মিছিলে অংশ নেন মঈনুল। তখন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান ও গুলি ছোড়েন। এতে মঈনুল গুলিবিদ্ধ হন। 

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতে তিনি মারা যান। 

নিহত মঈনুল ডেমরার আহসানুল হিকমা মাদ্রাসার শিক্ষক ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর পুলিশে ব্যাপক রদবদলের ধারাবাহিকতায় ১৩ মার্চ নীলফামারির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এদিন সাবেক এসপি আসাদুজ্জামান ছাড়াও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, ঢাকার আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ ও ঢাকার সাবেক ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে অন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মমতাজ বেগম ও রঞ্জন বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকার কোতয়ালী থানার শাওন ওরফে শাওন মুফতি হত্যা মামলায়। ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাহাঙ্গীর আলম ও শাহে আলম মুরাদকে।

আসামিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারা হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন:

মমতাজ, জাহাঙ্গীর, মুরাদ, আসাদুজ্জামান আরো মামলায় গ্রেপ্তার