০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ধানমন্ডিতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 05:19 PM

Updated : 03 Nov 2026, 05:19 PM

ঢাকার ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে লাগা আগুন প্রায় পৌনে এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার বিকাল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান বাহিনীর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস।

আনোয়ারুল ইসলাম বলেন, ১৪ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় আগুন লেগেছিল।

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটি ফেরত পাঠানো হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

পুরনো খবর:

ধানমন্ডিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড