২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আটকে পড়া ৮৮ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর

সাগরে মাছ ধরতে গিয়ে গত ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমার ঢুকে পড়েছিল দুটি ফিশিং ট্রলারের এ জেলেরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 11:12 PM

Updated : 29 Aug 2022, 11:12 PM

বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে কুয়াশায় পথ ভুলে ভারতীয় জলসীমার ঢুকে পড়েছিল দুটি ফিশিং ট্রলার, তাতে ছিল কক্সবাজারের ৮৮ জন জেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার তাদের সাতক্ষীরা সীমান্তে এলাকায় বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি এই জেলেদের আটক করে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রেখেছিল।

সোমবার বিকেলে সাতক্ষীরার কৈখালী সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্তের কালিন্দী নদীর মধ্যবর্তী স্থানে দুটি ট্রলারসহ ৮৮ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বাধীন রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি ওই জেলেদের গ্রহণ করেন।

ফিরে আসার পর জেলেদের জন্য খাবার এবং অন্যান্য প্রশাসনিক সহায়তার ব্যবস্থা করে বিজিবি।