২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুর নয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব আলী হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল হাসানের স্থলাভিষিক্ত হবেন আলী হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 12:13 PM

Updated : 28 Jan 2024, 12:13 PM

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আলী হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর এই কর্মকর্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মন্ডলকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

নতুন করে আলী হোসেনকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে পদায়নের আব্দুস সবুর মন্ডলের আদেশটি প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে। তবে সচিব পদে সবুরের নিয়োগ গত ৬ সেপ্টেম্বর থেকেই কার্যকর ধরা হয়েছে।

পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত সবুর মন্ডলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থেকে বর্তমান দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এপিডির পদটি যুগ্মসচিবের হলেও দীর্ঘ দিন ধরে ওই পদে অতিরিক্ত সচিবদের পদায়ন করা হচ্ছে। এখন সচিব পদের একজন কর্মকর্তা ওই দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল হাসানের স্থলাভিষিক্ত হবেন আলী হোসেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরোত্তর ছুটিতে যাবেন জিয়াউল হাসান।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)